গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। ফলে বিদ্যালয়টির ফলাফলে শতভাগ ফেল এসেছে।
বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ মোট ১১ জন শিক্ষক ও পাঁচজন কর্মচারী রয়েছেন। তারা সরকারি নিয়মে বেতন-ভাতা পান। অথচ এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। তিনজনই মানবিক বিভাগের শিক্ষার্থী এবং সবাই গণিতে ফেল করেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এবং ২০০৫ সালে এমপিওভুক্ত হয়। ২০২৫ সালে নিম্নমাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হওয়ার অনুমতি পায় প্রতিষ্ঠানটি। ওই বছর ছয়জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছিল। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে।
শতভাগ ফেল প্রসঙ্গে প্রধান শিক্ষক শাহাদাত হোসেন বলেন, এর আগে বিদ্যালয়ের ফলাফল কখনো এমন বিপর্যয় হয়নি। তিন শিক্ষার্থীর সবাই গণিতে ফেল করেছে। এর অন্যতম কারণ হিসেবে তিনি গণিত শিক্ষক ফারুক খালেকের দীর্ঘদিনের অসুস্থতার কথা উল্লেখ করেন। বর্তমানে ওই শিক্ষক একটি মামলায় কারাগারে রয়েছেন বলেও জানান তিনি।
এদিকে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের ফলাফলও একই। প্রতিষ্ঠানটি থেকে পাঁচজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও তাদের কেউ পাস করতে পারেনি।
গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, বিদ্যালয় দুটিতে কেন শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি জানতে প্রতিষ্ঠান দুটির প্রধান শিক্ষকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয় দুটি পরিদর্শন করে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এমপিওভুক্ত কোনো বিদ্যালয় থেকে এমন ফলাফল প্রত্যাশিত নয়।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments