Header Ads Widget

Responsive Advertisement

এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় দুই ভারতীয়কে আটক করল গ্রামবাসী

 


মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে এক বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩-এর কাছে নিজের জমিতে কৃষিকাজ করতে গিয়েছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহল দল তাকে ধরে নিয়ে যায় বলে স্থানীয়দের দাবি।

বিষয়টি জানার পর আব্দুল মান্নানের স্বজন ও স্থানীয় কয়েকজন সীমান্ত এলাকায় কৃষিকাজরত দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন শচীন দাস (৬৫) ও নরোত্তম বিশ্বাস (৩৫)। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নানকে ফেরত আনার পাশাপাশি আটক দুই ভারতীয় নাগরিককেও ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হবে।

সীমান্তবর্তী সাধারণ মানুষ ও কৃষকদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করে সতর্কতার সঙ্গে চলাফেরার আহ্বান জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments