বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। এর মধ্যে সৌরবিদ্যুৎ অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। সৌর প্যানেলের উৎপাদনক্ষমতা আরও বাড়াতে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে আসছেন বিজ্ঞানীরা। এবার সেই গবেষণায় নতুন সম্ভাবনার দেখা মিলেছে কালো প্রজাপতির ডানায়।
বিজ্ঞানীরা জানিয়েছেন, কালো প্রজাপতির ডানার আলো শোষণ করার বিশেষ ক্ষমতাকে অনুকরণ করে সৌর প্যানেলের কার্যক্ষমতা বাড়ানো সম্ভব। তাদের গবেষণা অনুযায়ী, প্রজাপতির ডানার কাঠামোর আদলে তৈরি সিলিকন প্যানেলের আলো প্রতিফলন কমিয়ে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা সর্বোচ্চ ৬৬ শতাংশ পর্যন্ত বাড়ানো যেতে পারে।
বিজ্ঞানভিত্তিক সাইট সায়েন্স অ্যালার্টের প্রতিবেদনে বলা হয়েছে, কালো প্রজাপতির ডানা অসংখ্য ক্ষুদ্র আঁশ দিয়ে গঠিত। এসব আঁশের পৃষ্ঠে পড়া আলোর প্রায় ৯৯ দশমিক ৯৪ শতাংশই শোষিত হয়। আঁশগুলোর উপরিভাগে স্পঞ্জের মতো জালিকাযুক্ত ছিদ্র ও খাঁজ রয়েছে। ফলে আলো সরাসরি প্রতিফলিত না হয়ে ডানার ভেতরে প্রবেশ করে এবং প্রায় পুরোপুরি শোষিত হয়। এ কারণেই কালো প্রজাপতির ডানা এত গাঢ় দেখায়।
এই বৈশিষ্ট্যকে সৌর প্যানেলের সঙ্গে মিলিয়ে দেখেছেন গবেষকরা। কালো রঙের সৌর প্যানেল সাধারণত নীল রঙের প্যানেলের তুলনায় বেশি আলো শোষণ করতে পারে। গবেষকদের লক্ষ্য ছিল প্রজাপতির ডানার মতো কাঠামো ব্যবহার করে সিলিকন সেলের ওপর আলো প্রতিফলন আরও কমিয়ে দেওয়া।
গবেষণায় নয়টি ভিন্ন প্রজাতির কালো প্রজাপতির ডানার গঠন বিশ্লেষণ করে গাণিতিক সিমুলেশনের মাধ্যমে সৌর প্যানেলে ব্যবহৃত সিলিকন স্ল্যাবের কাঠামো তৈরি করা হয়। এর উদ্দেশ্য ছিল প্যানেলের পৃষ্ঠ থেকে আলোর প্রতিফলন কমানো এবং আরও বেশি আলো সিলিকনের ভেতরে প্রবেশ করানো।
গবেষণার ফলাফলে দেখা যায়, প্রজাপতির ডানার আদলে কাঠামো তৈরির পর সিলিকন স্ল্যাব থেকে আলোর প্রতিফলন ৩৫ শতাংশের বেশি থেকে কমে প্রায় ১০ শতাংশে নেমে আসে। ফলে স্ল্যাবগুলো বেশি পরিমাণ আলো শোষণ করতে সক্ষম হয়।
এর প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতায়ও। গবেষকদের হিসাবে, সিলিকন স্ল্যাবগুলোর শর্ট-সার্কিট কারেন্ট উৎপাদনের সর্বোচ্চ সক্ষমতা ৬৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
বিজ্ঞানীরা মনে করছেন, এই ধরনের বায়ো-ইনস্পায়ার্ড প্রযুক্তির আরও উন্নয়ন সম্ভব। ভবিষ্যতে প্রজাপতির ডানার ক্ষুদ্র কাঠামো অনুসরণ করে সৌর প্যানেলের আলো শোষণ ও বিদ্যুৎ উৎপাদনের দক্ষতা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments