জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরসহ দেশের বিভিন্ন জাদুঘর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন স্কুল শিক্ষার্থীরা বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেন, সপ্তাহে একদিন স্কুল শিক্ষার্থীদের জন্য জুলাই স্মৃতি জাদুঘরে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ দেশের অন্যান্য জাদুঘরেও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হবে।
তথ্য উপদেষ্টা বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে নানা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সেসব আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে এবং জাদুঘরটি চালু হয়েছে। উদ্বোধনের পর ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই সমাধান করা হয়েছে।
জাদুঘর পরিচালনায় প্রাথমিক সমস্যার মূল কারণ ছিল দর্শনার্থীদের অতিরিক্ত চাপ বলে জানান তিনি। উদ্বোধনের পর সাধারণ মানুষের মধ্যে জাদুঘরটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছিল।
জাহেদ উর রহমান বলেন, বর্তমানে জাদুঘরের ব্যবস্থাপনা অনেকটা গুছিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর তাৎপর্য তুলে ধরতেই নিয়মিতভাবে স্কুল শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments