দেশে চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখন পর্যন্ত দেশের ৭টি জেলার ৫৯টি উপজেলায় বন্যার পানি ছড়িয়ে পড়েছে। দুর্যোগে প্রাণ হারিয়েছেন ৫৪ জন এবং পানিবন্দি হয়ে পড়েছেন ১ লাখ ৫৫ হাজার পরিবার।
মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, বন্যাকবলিত এলাকার মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ত্রাণ ভাণ্ডার থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত জেলার জন্য ২০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ দিয়েছেন।
সভায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, চট্টগ্রাম অঞ্চলে বন্যার কারণে ধানের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারি উদ্যোগে বিকল্প স্থানে দ্রুত বীজতলা তৈরি করে চারা বিতরণ করা হবে। পাশাপাশি গবাদিপশুর খাদ্য সংকট মোকাবিলায় খড় ও ঘাস সরবরাহ এবং খুরা রোগ প্রতিরোধে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে সরকার ও প্রশাসনের সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments