এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল থাকার দায় পূর্ববর্তী সরকারের ওপর চাপিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব নিয়েছে। প্রশ্নপত্র বর্তমান সরকার প্রণয়ন করেনি; বরং আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটরদের তৈরি প্রশ্নেই এই ত্রুটি ছিল।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রের ভুল থাকা দুটি প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর (ফুল ক্রেডিট) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদে রুমিন ফারহানা বলেন, টানা বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা পরীক্ষা এক-দুই দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করলেও তা করা হয়নি। তিনি জানতে চান, কয়েক দিন পরীক্ষা পিছিয়ে দিতে কী সমস্যা ছিল।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছিল।
তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতি অনুকূলে থাকবে বলেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।
শিক্ষামন্ত্রী জানান, তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিটি করপোরেশনের সহায়তায় পরীক্ষার্থীদের নৌকায় করে একটি পাঁচতলা ভবনে নেওয়া হয় এবং সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হয়। একজন পরীক্ষার্থীর পোশাক ভিজে যাওয়ায় তার জন্য বাড়ি থেকে পোশাক এনে দেওয়া হয় এবং এক ঘণ্টা দেরিতে পরীক্ষা শুরু করে অতিরিক্ত সময়ও দেওয়া হয়।
তিনি আরও বলেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজ ছাড়া দেশের অন্য কোথাও এমন পরিস্থিতির কথা জেলা প্রশাসক বা ইউএনওরা জানাননি।
শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগকালীন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের হাতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় তারা প্রয়োজন হলে পরীক্ষা স্থগিত বা অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তও নিতে পারেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments