শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে যাওয়া আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের বাধার মুখে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা দেন এইচএসসি পরীক্ষার্থীরা। পথে পুলিশের বাধাকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়। পরে শিক্ষার্থীরা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, টানা বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন স্থানের বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
এদিকে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্ট-আপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিক্ষোভ চলাকালে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর উপস্থিতিও দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তারা শিক্ষার্থীদের কাছে গেলে আন্দোলনকারীদের একাংশ “ভুয়া, ভুয়া” স্লোগান দেন।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এইচ এম আবু জাফর বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিকে তারা যৌক্তিক মনে করেন এবং এ বিষয়ে শিক্ষার্থীদের পাশে আছেন।
তবে তিনি বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির সঙ্গে ছাত্রদল একমত নয়। তার মতে, একটি পরীক্ষাকে কেন্দ্র করে পদত্যাগ দাবি না করে শিক্ষার্থীদের সমস্যা আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত।
বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান। তারা জানান, পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে সায়েন্সল্যাব এলাকায় অবস্থান করবেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments