সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া দুর্নীতির মামলার আসামি ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর আগে মামলার নথিসহ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দুবাই পুলিশ।
দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, দুবাই পুলিশের চিঠির জবাব প্রস্তুত করা হচ্ছে। বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার নথিসহ প্রয়োজনীয় কাগজপত্র আগামী দুই-এক দিনের মধ্যে পাঠানো হবে।
মঙ্গলবার (২১ জুলাই) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বেনজীরকে গ্রেপ্তারের পর বাংলাদেশ সরকার ও দুদকের পক্ষ থেকে দুবাই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তদন্ত কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নথিপত্র পাঠান।
এর জবাবে সম্প্রতি দুবাই পুলিশ মামলাসহ কয়েকটি বিষয়ে আরও ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে। চিঠি পাওয়ার পর সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা প্রয়োজনীয় জবাব ও নথিপত্র প্রস্তুতের কাজ শুরু করেছেন।
তবে ঠিক কোন কোন বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি দুদক।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বেনজীরকে হস্তান্তরের বিষয়ে দুবাই পুলিশ নীতিগতভাবে সম্মতি দিয়েছে। তবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকায়, কোন আন্তর্জাতিক আইনি কাঠামো ও প্রক্রিয়ায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলের আলোচিত পুলিশ কর্মকর্তা বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির মামলায় ২০২৫ সালের ১১ এপ্রিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। ওই নোটিশের ভিত্তিতে চলতি বছরের ১২ জুন সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
এরপর ১৪ জুন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বাংলাদেশকে জানিয়েছে, ইউএই ফেডারেল আইন অনুযায়ী গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন পাঠাতে হবে। এ প্রক্রিয়ায় এনসিবি ঢাকা ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে রেড নোটিশ প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয়, বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং গ্রেপ্তারের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করেছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments