ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। একই সঙ্গে মুক্তি পেয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও। রাহুলকে আটকের পর দিল্লির মন্দির মার্গ থানায় যান কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। পরে রাহুলকে ছেড়ে দেওয়ার পর তিনিও থানা ত্যাগ করেন।
মঙ্গলবার (২১ জুলাই) দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেস। নিট পরীক্ষার প্রশ্নফাঁস, শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। এ সময় লোক কল্যাণ মার্গ এলাকায় অবস্থান নেওয়ার পর রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকে আটক করে দিল্লি পুলিশ। পরে তাদের মন্দির মার্গ থানায় নেওয়া হয়।
দিল্লি পুলিশ জানায়, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে আটক হওয়া সব কংগ্রেস নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে।
আটকের আগে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানাতেই তারা এই বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে।
মুক্তি পাওয়ার পর প্রিয়াঙ্কা গান্ধী বলেন, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো নাগরিকের মৌলিক অধিকার। তিনি অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিতে হবে এবং তার পদত্যাগ করা উচিত।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজন হলে ভবিষ্যতেও তারা আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি বিষয়টি সংসদে আলোচনার দাবি জানান এবং শিক্ষার্থীদের বক্তব্য গুরুত্ব দিয়ে শোনার আহ্বান জানান।
অন্যদিকে, কংগ্রেসের এই বিক্ষোভের সমালোচনা করেছে ক্ষমতাসীন বিজেপি। দলটির দাবি, বিরোধীদলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীর আচরণ ছিল অশোভন এবং তিনি তার সাংবিধানিক পদের মর্যাদা রক্ষা করেননি।
তবে এই ঘটনার পর রাহুল গান্ধীর প্রতি সমর্থন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা লোকসভার বিরোধীদলীয় নেতার সঙ্গে পুলিশের আচরণের নিন্দা জানিয়েছেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments