Header Ads Widget

Responsive Advertisement

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

 


উজানের দেশ ভারতে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুপুরের পর থেকে পানির স্তর কমতে শুরু করবে এবং বন্যার কোনো আশঙ্কা নেই।

বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৪ মিটার, যা বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

একই সময়ে শিমুলবাড়ি পয়েন্টে ধরলা নদীর পানির সমতল ছিল ৩০ দশমিক ০২ মিটার, যা বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে রয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে অবস্থিত গজলডোবা ব্যারেজের সব জলকপাট খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা পানির চাপ বেড়েছে। একই সঙ্গে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের সব জলকপাট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন করা হচ্ছে।

তিস্তার পানি এখনও বিপৎসীমা অতিক্রম না করলেও নদীসংলগ্ন কয়েকটি নিম্নাঞ্চলে পানি প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের মতে, এ এলাকায় তিস্তার পানি দ্রুত নেমে যাওয়ায় কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই।

ইতোমধ্যে হাতীবান্ধা উপজেলার গুড্ডিমারি, সানিয়াজান, সিন্ধুরনা, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, কুলাঘাট ও মোগলহাটসহ বেশ কয়েকটি নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে স্বল্পমেয়াদি জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, সকালে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি থাকলেও এটি আর বাড়ার সম্ভাবনা নেই। বরং দুপুরের পর থেকেই পানির স্তর কমতে শুরু করবে এবং বিপৎসীমার অনেক নিচে নেমে যাবে। তাই বন্যার কোনো আশঙ্কা নেই।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments