Header Ads Widget

Responsive Advertisement

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ

 উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  



উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রামগামী এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার (৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। 

বিমানবন্দর সূত্রে জানা যায়, নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টার পরিবর্তে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে, দুপুর ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে ফ্লাইটটি। তবে আকাশে ওঠার মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই উড়োজাহাজটির একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পাইলট দ্রুত ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে উড়োজাহাজটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটে থাকা ৭০ জন যাত্রীই নিরাপদ ও অক্ষত রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, উড্ডয়নের পরপরই একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখতে পারেনি। পরে সেটি নিরাপদে ঢাকায় ফিরে আসে।

ফ্লাইটটির যাত্রী এবং বাংলাদেশ কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম দুর্ঘটনা এড়াতে দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করায় পাইলটের প্রশংসা করেন।

এয়ার অ্যাস্ট্রার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড মার্কেটিং) এ. এফ. এম. রুবায়াত-উল-জান্নাত জানান, উড্ডয়নের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেটি ফিরে এসে নিরাপদে অবতরণ করে।

তিনি বলেন, "যাত্রীদের ভোগান্তি কমাতে পরবর্তীতে বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করা হয় এবং ৭০ জন যাত্রীকেই নিরাপদে তাদের গন্তব্য চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।"

তবে উড়োজাহাজটির ইঞ্জিনে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments