ঢাকার বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়নের পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২০২৮ সালের আগস্ট থেকে জাতীয় গ্রিডে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টা বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইল এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি প্রকল্প নিয়ে বৈঠক করেছেন।
তিনি জানান, প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ২০২৮ সালের আগস্টে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এই বিদ্যুৎকেন্দ্র থেকে টানা ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলেও জানান তিনি।
নগর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ‘ক্লিন কেয়ার’ নামে একটি ডিজিটাল বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করেছে।
তিনি জানান, মঙ্গলবার নগর ভবনের অডিটোরিয়ামে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেছেন। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ সরাসরি জানাতে পারবেন, যা দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তথ্য উপদেষ্টা আরও বলেন, আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়কের দুই পাশ দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তার নির্দেশনায় ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ওই এলাকায় বর্জ্য অপসারণ, পরিবেশ পরিচ্ছন্নকরণ এবং মহাসড়কের দুই পাশে নিমগাছের চারা রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments