Header Ads Widget

Responsive Advertisement

হাতি দিয়ে থামানোর চেষ্টা, সড়কে অটোরিকশা উল্টে প্রাণ গেল শিশুর

 


ফরিদপুরের সদরপুর উপজেলায় চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা হাতির শুঁড় দিয়ে থামানোর চেষ্টাকে কেন্দ্র করে ঘটে যাওয়া দুর্ঘটনায় আড়িশা জান্নাত (১০ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাড়েসাত রশি এলাকায় সদরপুর-ভাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আড়িশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলপন্দী গ্রামের বাসিন্দা মো. সজিব মোল্লার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আড়িশা তার মা ও স্বজনদের সঙ্গে ভাঙ্গা উপজেলার বাররা গ্রামে নানার বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে সদরপুরে যাচ্ছিল। পথে সাড়েসাত রশি এলাকায় রাস্তার পাশে হাতি নিয়ে অবস্থান করছিলেন মাহুত মো. বকুল (২৪)।

অভিযোগ রয়েছে, তিনি হাতি দিয়ে চলাচলকারী যানবাহন থামিয়ে টাকা সংগ্রহ করছিলেন। এ সময় হাতির শুঁড় দিয়ে চলন্ত অটোরিকশাটি থামানোর চেষ্টা করলে চালক হাতির পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারান। এতে অটোরিকশাটি সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত হয় ১০ মাস বয়সী আড়িশা জান্নাত। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা মাহুত মো. বকুলকে আটক করে সদরপুর থানা পুলিশে খবর দেন। পরে সদরপুর থানার এসআই (নিরস্ত্র) আশরাফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যান। একই সঙ্গে হাতিটিকেও জব্দ করে বিশ্ব জাকের মঞ্জিলের মাঠে রাখা হয়েছে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতি ও মাহুতকে হেফাজতে নিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments