Header Ads Widget

Responsive Advertisement

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : আপিল বিভাগ

 


চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য হিসেবে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব পালনে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে গত ৯ জুলাই হাইকোর্ট সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন আপিল বিভাগে আবেদন করেন। আবেদনে তিনি সরোয়ার আলমগীরকে জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রাখারও অনুরোধ জানান।

মামলার নথি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা প্রথমে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। পরে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। সেই আপিলের পর গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর। শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন এবং তার মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেন।

পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন জামায়াত প্রার্থী নুরুল আমিন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করলেও সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

নির্বাচনের পর বিষয়টির ওপর পূর্ণাঙ্গ শুনানি শেষে গত ৯ জুলাই হাইকোর্ট সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেন। সর্বশেষ আপিল বিভাগে নিষেধাজ্ঞার আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়ায় সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব পালনের পথ সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments