হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে।
এর আগে, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দলটি। এর অংশ হিসেবে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির ‘উসকানিমূলক মিথ্যাচারের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে পৃথক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল ও যুবদল।
ছাত্রদল জেলার সব উপজেলা, পৌরসভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়। একই সঙ্গে যুবদলও জেলা শহরসহ প্রতিটি উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়।
একই দিনে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments