৫০ বছর ধরে একটি পরিবার বানায় বিশ্বকাপ ট্রফি, কতটুকু স্বর্ণ আছে এতে
ফুটবল বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কার হলো সোনালি বিশ্বকাপ ট্রফি। ১৮ ক্যারেট খাঁটি সোনায় তৈরি এই ট্রফিকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ও কৌতূহলের শেষ নেই। গত পাঁচ দশক ধরে ইতালির গাজ্জানিগা পরিবারের হাত ধরেই তৈরি হচ্ছে বিশ্বকাপের এই ঐতিহাসিক ট্রফি।
বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা করেন ইতালীয় ভাস্কর সিলভিও গাজ্জানিগা। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর জুলে রিমে ট্রফি স্থায়ীভাবে তাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর নতুন ট্রফির নকশা আহ্বান করলে সাতটি দেশের ৫৩ জন শিল্পীর মধ্যে গাজ্জানিগার নকশা নির্বাচিত হয়। ট্রফিতে দুটি মানবমূর্তিকে পৃথিবীর প্রতীকী গোলক উঁচু করে ধরে থাকতে দেখা যায়।
বিশ্বকাপ ট্রফিটির উচ্চতা ৩৬ দশমিক ৫ সেন্টিমিটার (প্রায় ১৪ ইঞ্চি) এবং ওজন ৬ দশমিক ১৭ কেজি। এটি ১৮ ক্যারেট খাঁটি সোনায় তৈরি। নির্মাণের সময় ট্রফিটির মূল্য ছিল প্রায় ৫০ হাজার মার্কিন ডলার। তবে বর্তমানে এর আনুমানিক বাজারমূল্য ২০ মিলিয়ন ডলারেরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৫ কোটির বেশি টাকা।
বিশ্বকাপ ট্রফি তৈরির দায়িত্ব শুরু থেকেই ইতালির বার্তোনি ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের হাতে রয়েছে। সিলভিও গাজ্জানিগার মৃত্যুর পর তার ছেলে জর্জিও গাজ্জানিগা এই ঐতিহ্য ধরে রেখেছেন। প্রতিষ্ঠানটি বিশ্বকাপের পাশাপাশি উয়েফা কাপ ও ইউরোপিয়ান সুপার কাপের ট্রফিও তৈরি করে।
তবে বিশ্বকাপ জয়ী দল স্থায়ীভাবে আসল ট্রফি নিজেদের কাছে রাখতে পারে না। চ্যাম্পিয়ন দলকে উদযাপনের জন্য কিছু সময়ের জন্য আসল ট্রফি দেওয়া হলেও পরে সেটি ফিফার কাছে ফিরিয়ে দিতে হয়। বিজয়ী দলকে স্মারক হিসেবে ট্রফির একটি বিশেষ প্রতিরূপ বা রেপ্লিকা প্রদান করা হয়।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments