Header Ads Widget

Responsive Advertisement

৫ জেলায় ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

৫ জেলায় ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় দেশের পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ সেবা চালু করা হবে। এ লক্ষ্যে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, প্রকল্পটি অনুমোদন পেলে আগামী ১৮০ দিনের মধ্যে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার জনগণকে ই-হেলথ কার্ড সেবা প্রদান শুরু করা হবে। এই কার্ড ইলেকট্রনিক রেফারেল সিস্টেম এবং ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে।

সংসদে প্রধানমন্ত্রী তার সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন।

তিনি জানান, নারী প্রধানকে কেন্দ্র করে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট পর্যায়ে ৩৬টি ইউনিটের ৬০ হাজার ৪৪টি পরিবারকে কার্ড প্রদান করা হয়েছে। এছাড়া কৃষক কার্ডের প্রি-পাইলটিং কার্যক্রমে দেশের ৮টি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলায় এ পর্যন্ত ২০ হাজার ৭৪৮ জন কৃষককে কার্ড দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের নিয়মিত সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে এবং ভবিষ্যতে এ সুবিধা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, পানি সম্পদ, স্থানীয় সরকার, কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ৬৬৬টি খাল খনন ও পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত প্রায় ৯৬৫ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে।

সবুজায়ন কর্মসূচির আওতায় আগামী বর্ষা মৌসুমে প্রায় ৩ কোটি ১৪ লাখ চারা রোপণের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসার বিপরীতে জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি ও নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে ইতোমধ্যে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

ক্রীড়া ক্ষেত্রে নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ কার্যক্রম চালু হয়েছে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments