ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি ও বাস্তবতা-বিবর্জিত বাজেট: এনসিপি
জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়া বাজেট কমিটির প্রধান Dr. Atik Mujahid।
বৃহস্পতিবার (১১ জুন) বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
ড. আতিক মুজাহিদ বলেন, সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকার বাজেট ঘাটতির কথা উল্লেখ করলেও বাস্তবে এই ঘাটতি সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।
তার মতে, প্রস্তাবিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা কঠিন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, রাজস্ব আহরণে ২ লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে।
এনসিপির এই সংসদ সদস্য মনে করেন, রাজস্ব আদায়ের সক্ষমতা, বিনিয়োগ পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় বাজেটের বিভিন্ন লক্ষ্যমাত্রা পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, বাস্তবভিত্তিক পরিকল্পনা ও কার্যকর রাজস্ব ব্যবস্থাপনা ছাড়া বাজেটের ঘোষিত লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments