আদালতে রামিসা হত্যা মামলার আসামিরা, রায় ঘিরে নিরাপত্তা জোরদার
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় আজ ঘোষণা করা হবে। রায়কে কেন্দ্র করে মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে এবং আদালত প্রাঙ্গণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
রোববার (৭ জুন) সকাল ৮টা ২৫ মিনিটে আসামি স্বপ্না খাতুনকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আনা হয়। এর কিছুক্ষণ পর সকাল ৮টা ৪৫ মিনিটে মামলার প্রধান আসামি সোহেল রানাকেও আদালতে নিয়ে আসা হয়।
আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার পূর্ব পর্যন্ত দুই আসামিকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। রায় ঘোষণার সময় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে।
বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।
রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজকের দিনটি রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষ দুই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে। অন্যদিকে আসামিপক্ষ প্রধান আসামি সোহেল রানার জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং স্বপ্না খাতুনের জন্য লঘুদণ্ডের আবেদন জানিয়েছে।
দেশজুড়ে আলোচিত এই মামলার রায় নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ভুক্তভোগী পরিবারসহ সাধারণ মানুষ।
-তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments