শরীয়তপুরে উত্তপ্ত মাটির সন্ধান, ফায়ার সার্ভিসও পারেনি ঠান্ডা করতে
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনকভাবে একটি নির্দিষ্ট স্থানের মাটি অস্বাভাবিক গরম হয়ে উঠেছে। গত দুই দিনেরও বেশি সময় ধরে হাসপাতালের প্রধান প্রবেশপথ সংলগ্ন প্রায় ৫০ ফুট এলাকাজুড়ে মাটির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
শনিবার (৬ জুন) বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সদস্যরা মাটিতে গর্ত করে পানি ঢেলে তাপমাত্রা কমানোর চেষ্টা করছেন। তবে বারবার পানি প্রয়োগের পরও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে প্রথমবারের মতো ওই স্থানে মাটি গরম থাকার বিষয়টি নজরে আসে। পরে খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে। একই সঙ্গে সম্ভাব্য কোনো দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।
গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুল রহমান মিয়া বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রশাসন, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হয়েছে। রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে বিদ্যুৎ সংক্রান্ত কোনো ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন গোসাইরহাট পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আব্দুল মতিন। তিনি বলেন, প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যুৎ লিকেজ বা লাইনের কোনো সমস্যা শনাক্ত হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে।
গোসাইরহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এবিএম বাসার জানান, শুরুতে ধারণা করা হয়েছিল মাটির নিচে কোনো কারণে তাপ সৃষ্টি হয়েছে। কিন্তু পানি প্রয়োগের পরও তাপমাত্রা পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠেছে। মাটির গভীর অংশ থেকেও তাপ অনুভূত হচ্ছে বলে জানান তিনি।
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওসাদ হাসান বলেছেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সহায়তায় বিষয়টি তদন্ত করে দেখা হবে।
রহস্যজনক এই ঘটনার কারণ এখনো নিশ্চিত না হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও বাড়ছে।
-তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments