নওগাঁয় পানিতে ডুবে নিভে গেল ১৩ মাস বয়সী শিশুর প্রাণ
নওগাঁয় পুকুরের পানিতে ডুবে ১৩ মাস বয়সী তানজিম আরাফের মৃত্যু হয়েছে আজ (০৮ জুন) বেলা সাড়ে ১২টার দিকে। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের সিংহন্দি গ্রামে এ ঘটনা ঘটে।
সিংহন্দি গ্রামে বাসিন্দা মাহমুদুল হাসানের ছেলে তানজিম আরাফ। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশু আরাফকে তার দাদি বাড়ির পাশের পুকুরপাড়ে বসেছিলেন। একপর্যায়ে দাদির চোখে ঘুম চলে আসে। ঘুম থেকে উঠে শিশুটিকে না দেখে তার মায়ের কাছে খোঁজ নেন দাদি। এরপর পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন তারা।
তাৎক্ষণিকভাবে শিশুটিকে পানি থেকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সায়েমা আক্তার আরাফকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
0 Comments