বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ করেছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের মূল বেতন জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডের ৮ম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩১ মার্চ ২০২৬ তারিখের একটি পত্রের পরিপ্রেক্ষিতে গত ২১ মে অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাহিদুল করিম।
নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত মূল বেতনের ওপর কোনো ধরনের বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। অর্থাৎ চাকরির মেয়াদকালে তাদের মূল বেতন অপরিবর্তিত থাকবে।
তবে সরকারি বিধি অনুযায়ী প্রাপ্য বাসাভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য অনুমোদিত ভাতা তারা ভোগ করতে পারবেন।
অন্যদিকে, এ পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা কোনো ধরনের পেনশন, গ্র্যাচুইটি বা ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা পাবেন না। কারণ তারা সরকারি চাকরির স্থায়ী কর্মচারী নন এবং বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত।
এ নির্দেশনা শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব ও একান্ত সচিবদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা প্রেষণ, সংযুক্তি বা অন্য কোনো প্রশাসনিক ব্যবস্থায় এসব পদে দায়িত্ব পালন করলে তাদের জন্য এ বেতন কাঠামো কার্যকর হবে না।
সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক নির্বাহীদের দপ্তরে কর্মরত ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন ও আর্থিক সুবিধা নিয়ে দীর্ঘদিনের অস্পষ্টতা দূর করতে সরকারের এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments