ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
হাম ও রুবেলার টিকা সময়মতো আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন।
আদালত সূত্র জানায়, বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রেখেছেন।
মামলার অন্য আসামিরা হলেন— স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
আবেদনে অভিযোগ করা হয়েছে, দায়িত্বে অবহেলা এবং যথাসময়ে হাম-রুবেলা টিকা আমদানি না করার কারণে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এতে শত শত শিশুর মৃত্যু এবং হাজার হাজার শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়েছে বলে দাবি করা হয়েছে।
এতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলাসহ বিভিন্ন টিকা সংগ্রহ করলেও পরবর্তীতে সেই পদ্ধতি পরিবর্তন করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। ফলে টিকা সরবরাহে বিলম্ব সৃষ্টি হয়ে দেশে সংকট দেখা দেয়।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, টিকা সংকটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার সতর্ক করা হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে বিপুলসংখ্যক শিশু নির্ধারিত সময়ে টিকা গ্রহণ থেকে বঞ্চিত হয় এবং দেশে হামের বিস্তার ঘটে।
আবেদনে দাবি করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশে ৭৫ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত শিশুদের চিকিৎসা ব্যয় ও জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
বাদীপক্ষের দাবি, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের পরিস্থিতি অনেকাংশে এড়ানো সম্ভব ছিল। তাই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments