Header Ads Widget

Responsive Advertisement

রাস্তায় থুতু বা ময়লা ফেললেই শাস্তি, কার্যকর হচ্ছে নতুন নিয়ম

 

রাস্তায় থুতু বা ময়লা ফেললেই শাস্তি, কার্যকর হচ্ছে নতুন নিয়ম



ভারতের পশ্চিমবঙ্গে শহর ও সড়ককে আরও পরিচ্ছন্ন রাখতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে রাজ্য সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে যেখানে-সেখানে পানের পিক, থুতু, আবর্জনা বা প্লাস্টিক ফেললে জরিমানার মুখোমুখি হতে হবে নাগরিকদের।

রোববার (৭ জুন) উত্তরবঙ্গ সফরকালে শিলিগুড়িতে পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী ও পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি জানান, রাস্তা-ঘাট নোংরা করার প্রবণতা বন্ধ করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। কেউ রাস্তায় ময়লা, প্লাস্টিক কিংবা পানের পিক ফেললে তার বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অগ্নিমিত্রা পাল বলেন, শপিংমল বা ব্যক্তিগত স্থানে মানুষ পরিচ্ছন্নতা বজায় রাখলেও অনেকেই রাস্তায় একই দায়িত্বশীল আচরণ করেন না। এই মানসিকতা পরিবর্তনের লক্ষ্যে সরকার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন মাস সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার-প্রচারণা চালানো হবে। এরপর ১ সেপ্টেম্বর থেকে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহর পরিষ্কার রাখতে ইতোমধ্যে ‘স্বচ্ছ’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে রাজ্য সরকার। কোথাও আবর্জনা বা নোংরা দেখলে নাগরিকরা ছবি তুলে অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট পুরসভা দ্রুত ব্যবস্থা নিয়ে স্থানটি পরিষ্কার করবে।

বর্তমান আইনে পশ্চিমবঙ্গে রাস্তায় থুতু ফেললে ৫০০ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। তবে নতুন উদ্যোগের মাধ্যমে আইন বাস্তবায়ন আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সরকার।

সম্প্রতি রাজ্যের ১১৯টি পুরসভা, ৭টি পুরনিগম ও ২টি নোটিফায়েড এরিয়া অথরিটির জন্য ২৪ দফা নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় যত্রতত্র আবর্জনা ফেলা, থুতু নিক্ষেপ, খোলা অবস্থায় বর্জ্য পরিবহন এবং রাস্তা ও ফুটপাথ দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করা হয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments