মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ
ঢাকার মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে চুরির একটি ব্যতিক্রমী ঘটনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, এলাকার নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নিজ উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাও মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডস্থ সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সভায় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক। তিনি উল্লেখ করেন, কেবল প্রশাসনের ওপর নির্ভর করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়; এ ক্ষেত্রে সাধারণ জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
প্রতিমন্ত্রী জানান, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি তার এক সহকর্মী নুর ইসলাম নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, খুব শিগগিরই এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে।
ববি হাজ্জাজ আরও বলেন, এলাকায় পুলিশের টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে। তবে দীর্ঘমেয়াদে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন জরুরি।
অপরাধীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা আগ্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments