Header Ads Widget

Responsive Advertisement

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৬

 ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৬


ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) পুকুরের মাছ ধরা নিয়ে সন্দেহের জেরে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রকিবুল ইসলামকে মারধরের ঘটনা ঘটে। রকিবুল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমানের ছোট ভাই।

এই ঘটনার জেরে শনিবার সকালে বোয়ালিয়া গ্রামে চেয়ারম্যান বজলুর রহমানের সমর্থকদের সঙ্গে বিএনপি সমর্থিত সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমানের অনুসারীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১৬ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং তিনজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানের লোকজন তাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এতে তাদের ৬ থেকে ৭ জন আহত হয়েছেন।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments