চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৯ জুন) গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে তারা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান করছেন।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু এবং পাঁচজন পুরুষ রয়েছেন। গভীর রাতে তাদের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে বাধা দেয়।
বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতীয় অংশে অবস্থান নিতে বাধ্য হন।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “বিজিবি টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছে। ঘটনাস্থলে আমাদের সদস্যরা রয়েছেন। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
এদিকে ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে বিজিবিকে সহযোগিতা করছেন বলে জানা গেছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments