বিশ্বকাপের আগে নাইজেরিয়ার বিপক্ষে ‘ফ্লপ’ রোনালদো
ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেও গোলের দেখা পাননি পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার দল নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ মিশনে নামতে যাচ্ছে।
বুধবার (১০ জুন) রাতে লেইরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে পর্তুগালের হয়ে গোল করেন পেদ্রো নেতো ও ফ্রান্সিসকো কনসেইকাও। নাইজেরিয়ার একমাত্র গোলটি করেন আকোর অ্যাডামস।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। নবম মিনিটেই গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
২৩তম মিনিটে পেদ্রো নেতোর চমৎকার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে নেওয়া তার কোনাকুনি শট জড়িয়ে যায় জালে। তবে ৩৭তম মিনিটে আকোর অ্যাডামসের গোলে সমতায় ফেরে নাইজেরিয়া।
দ্বিতীয়ার্ধে পর্তুগাল আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। একাধিক আক্রমণের পর ফ্রান্সিসকো কনসেইকাও দলের জয় নিশ্চিত করেন। তবে এদিন নিজের নামের পাশে গোল যোগ করতে পারেননি রোনালদো। ম্যাচের ৬৫তম মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ।
আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের মধ্যে সর্বোচ্চ ১৪৩ গোলের মালিক রোনালদো বিশ্বকাপের আগে গোল না পেলেও তার অভিজ্ঞতা ও নেতৃত্বের দিকেই তাকিয়ে থাকবে পর্তুগাল।
এবারের বিশ্বকাপে ‘কে’ গ্রুপে খেলবে পর্তুগাল। গ্রুপে তাদের প্রতিপক্ষ কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া। এটি হবে রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ অংশগ্রহণ, যার মাধ্যমে তিনি বিশ্বকাপে সর্বাধিক অংশগ্রহণের রেকর্ডে ভাগ বসাবেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments