মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে হামলা ইরানের
যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার (১১ জুন) ভোর পর্যন্ত ইরানের বিভিন্ন স্থানে দ্বিতীয় দফা বিমান হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে উল্লেখ করা হয়েছে। এর জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান দাবি করেছে যে তারা বাহরাইন, কুয়েত এবং জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে দুটি জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে। এসব পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে ইরান।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম ও আহমদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
এদিকে, ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার দেওয়া এ ঘোষণায় বলা হয়, তেলবাহী ট্যাংকারসহ সব ধরনের বাণিজ্যিক ও সামরিক নৌযানের চলাচল নিষিদ্ধ থাকবে। ইরান সতর্ক করে জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চীনা সংবাদমাধ্যম সিজিটিএনের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণার পর উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরে ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনীর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইরানের সামরিক কমান্ড সদর দপ্তর ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ এ ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি নতুন মোড় নেয়।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, স্থগিত হয়ে যাওয়া আলোচনা পুনরায় শুরু না হলে তেহরানকে এর মূল্য দিতে হবে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়েছে, যার প্রভাব আন্তর্জাতিক তেলের বাজারে ইতোমধ্যে দেখা যাচ্ছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহে এটি তৃতীয় দফার বড় ধরনের পাল্টাপাল্টি হামলার ঘটনা। ফলে দুই মাস ধরে টিকে থাকা নাজুক যুদ্ধবিরতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।তাহাদ নিউজ ২৪ ডেস্ক।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক।
0 Comments