ত্রিশালে মসজিদের ভেতরে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি মসজিদের ভেতরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম ও খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ী জামে মসজিদে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত শাহিনুর ইসলাম (৪৪) টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, শিশুটি দীর্ঘদিন ধরে অভিযুক্ত ইমামের কাছে কোরআন শিক্ষা গ্রহণ করছিল। সম্প্রতি ইমাম অন্য শিশুদের আগেভাগে ছুটি দিলেও ভুক্তভোগী শিশুটিকে নিয়মিত দীর্ঘ সময় মসজিদে আটকে রাখতেন। বিষয়টি শিশুটির মায়ের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়।
শনিবার বিকেলে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও শিশুটি বাড়ি না ফেরায় তার মা মসজিদে যান। সেখানে গিয়ে তিনি অভিযুক্ত ইমামকে শিশুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে শাহিনুর ইসলামকে আটক করেন।
পরে উত্তেজিত জনতা তাকে অবরুদ্ধ করে রাখে এবং পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয়।
এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, “আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন ঘটনার শিকার হতে না হয়।”
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments