Header Ads Widget

Responsive Advertisement

ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

 ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত



হাম ও রুবেলার টিকা সময়মতো আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকা সংকটের কারণে দেশব্যাপী মহামারি সৃষ্টি করে শিশু মৃত্যুর অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এ মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজের আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সালাউদ্দিন লস্কর জানান, দণ্ডবিধির ৪০৯ ধারাসহ বিভিন্ন ধারায় মামলার আবেদন করা হয়েছিল। তবে আদালত ৪০৯ ধারাটিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট বিষয় হিসেবে বিবেচনা করে আবেদনটি খারিজ করেছেন। আদেশের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

মামলায় অভিযুক্ত করা হয়েছিল সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে।

আদালতে উপস্থিত বাদী সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, টিকা সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে বহু শিশু প্রাণ হারিয়েছে। তার নিজ এলাকাতেও শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। সেই দায়বদ্ধতা থেকেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, ইউনিসেফের মাধ্যমে নিয়মিত টিকা আমদানির প্রচলিত ব্যবস্থা বন্ধ করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ সময় বিলম্ব হওয়ায় দেশে হাম-রুবেলা টিকার সংকট দেখা দেয়। এর ফলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়ে বহু শিশু আক্রান্ত ও মৃত্যুর শিকার হয়।

আবেদনে আরও দাবি করা হয়, টিকা সংকটের বিষয়ে সংশ্লিষ্টদের একাধিকবার সতর্ক করা হলেও তা আমলে নেওয়া হয়নি। ফলে দেশের বিভিন্ন হাসপাতালে হাজার হাজার শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয় এবং শত শত শিশুর মৃত্যু ঘটে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments