ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের অদূরে শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ভূমিকম্পের পরপরই ফিলিপাইনসহ এশিয়ার কয়েকটি দেশের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু এলাকায় ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের আশঙ্কা রয়েছে।
ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি উপকূলবর্তী নয়টি প্রদেশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বিশেষ করে সারানগানি, ডাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই ও সুলুসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে জাপান ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষও উপকূলীয় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। নৌযানগুলোকেও বন্দর ও অগভীর উপকূলীয় এলাকা ত্যাগ করে গভীর সমুদ্রে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে মার্কিন ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের জন্য কোনো সুনামি ঝুঁকি নেই।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক

0 Comments