দেশের প্রথম 'ক্যাশলেস কারাগার' চালু মুন্সিগঞ্জে
দেশের কারা ব্যবস্থাপনায় নতুন এক যুগের সূচনা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলা কারাগারে চালু করা হয়েছে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’।
রোববার (২১ জুন) সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ এ তথ্য নিশ্চিত করেন।
কারা কর্তৃপক্ষ জানায়, নতুন এই ব্যবস্থায় বন্দিদের সব ধরনের আর্থিক লেনদেন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। ফলে কারাগারের অভ্যন্তরে নগদ অর্থের ব্যবহার বন্ধ হবে এবং লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
এই প্রকল্পে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে বন্দিদের অবস্থান শনাক্তকরণ, ডিজিটাল পদ্ধতিতে গণনা এবং নিরাপত্তা তদারকি আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
নতুন নিয়ম অনুযায়ী, বন্দিদের আত্মীয়-স্বজনরা কারাগারে এসে তাদের জন্য অর্থ জমা দিলে তা সরাসরি সংশ্লিষ্ট বন্দির ভার্চুয়াল অ্যাকাউন্টে যুক্ত হবে। পরবর্তীতে বন্দিরা তাদের আরএফআইডি কার্ড ব্যবহার করে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সামগ্রী ক্রয় করতে পারবেন।
কারা প্রশাসন জানিয়েছে, সংগৃহীত অর্থ ব্যাংকে জমা রাখা হবে এবং বন্দির অ্যাকাউন্টে ডিজিটাল ব্যালেন্স হিসেবে সংরক্ষিত থাকবে। জামিন বা মুক্তির পর অ্যাকাউন্টে অবশিষ্ট অর্থ মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বন্দিকে ফেরত দেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে কারাগারে অর্থ লেনদেনসংক্রান্ত অনিয়ম ও দুর্নীতি কমবে, একই সঙ্গে বন্দিদের অর্থের নিরাপত্তাও নিশ্চিত হবে।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেনের পরিকল্পনা ও নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছে উদ্ভাবনী প্রযুক্তি প্রতিষ্ঠান ডিকোড ল্যাব এবং কারা অধিদপ্তরের প্রিজন্স আইসিটি সেল।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, “প্রযুক্তিনির্ভর, মানবিক ও আধুনিক কারা ব্যবস্থাপনা গড়ে তোলার অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা কারাগারকে দেশের প্রথম ক্যাশলেস কারাগারে রূপান্তর করা হয়েছে। এই ব্যবস্থা নিরাপদ লেনদেন, স্বচ্ছ হিসাব ও উন্নত সেবা নিশ্চিত করবে। ভবিষ্যতে দেশের অন্যান্য কারাগারেও এ মডেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments