৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ দিল জামায়াত
জাতীয় সংসদের বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি ‘ছায়া বাজেট’ উপস্থাপন করেছে। প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক কল্যাণ ও কর্মসংস্থান খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাজধানীর আল ফালাহ মিলনায়তন-এ আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই ছায়া বাজেট ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে ‘ছায়া বাজেট’ প্রণয়ন কমিটির প্রধান ও সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন জানান, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সংস্কার, শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ, কর্মসংস্থানমুখী অর্থনীতি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সুরক্ষা এবং আধুনিক করব্যবস্থা—এই ছয়টি নীতিমালার ভিত্তিতে বাজেটটি প্রণয়ন করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৬৫ হাজার ৯২৬ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য বাজেট ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৩২৯ কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৪৩ শতাংশ।
খাতভিত্তিক বরাদ্দের মধ্যে জনপ্রশাসন খাতে সর্বোচ্চ ২ লাখ ২ হাজার ২৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ২৪ দশমিক ০৯ শতাংশ। শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ৫৭৫ কোটি টাকা বা ১৪ দশমিক ৯৬ শতাংশ বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
এ ছাড়া পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫ হাজার ৩৪০ কোটি টাকা, কৃষি খাতে ৫১ হাজার ৬৭০ কোটি টাকা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৪৮ হাজার ১৫০ কোটি টাকা, স্বাস্থ্য খাতে ৪৫ হাজার ২৪০ কোটি টাকা এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪৫ হাজার ২২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা খাতে ৪৩ হাজার ৪৬২ কোটি টাকা, জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৪ হাজার ৪৫৭ কোটি টাকা এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২৪ হাজার ৯৫০ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে।
‘জনমুখী বাজেট ২০২৬-২০২৭ প্রস্তাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় নাগরিক পার্টি-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments