বুধবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামীকাল বুধবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট উপস্থাপন করবেন। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ : ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের নির্বাচনের পর এটি প্রথম জাতীয় বাজেট।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দেশীয় শিল্পের বিকাশ, সামাজিক সুরক্ষা এবং উদ্যোক্তা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটে উদ্যোক্তা উন্নয়ন তহবিলে ২২৫ কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য ২ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের প্রস্তাব থাকতে পারে। এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণাও আসতে পারে।
স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫ লাখ নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়িয়ে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ নতুন কর্মসূচি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ৬৮ লাখ ৩০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাকি অর্থ বৈদেশিক সহায়তা ও ঋণের মাধ্যমে সংগ্রহ করা হবে। সম্ভাব্য বাজেট ঘাটতি হতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।
ব্যবসা পরিচালনা সহজ করতে ‘বাংলাবিজ’ নামে একটি সমন্বিত ওয়ান-স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে লাইসেন্স, অনুমোদন ও বিভিন্ন সরকারি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে। পাশাপাশি কর ব্যবস্থাকে আরও আধুনিক ও অনলাইনভিত্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগে গতি আনাই হবে আগামী অর্থবছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সরকার আশা করছে, চলমান সংস্কার কার্যক্রম দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments