ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত, মরদেহ নিয়ে থানা ঘেরাও
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক মো. জোবায়ের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে বন্দর মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। একই সঙ্গে মামলা নিতে পুলিশের গড়িমসি এবং এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগও তোলা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত ৩ জুন রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এনায়েতনগরের ভাঙা ব্রিজ এলাকায় তিন ছিনতাইকারী জোবায়েরের পথরোধ করে। এ সময় তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
জোবায়েরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। সন্ধ্যায় তার মরদেহ এলাকায় পৌঁছালে স্বজন ও স্থানীয়রা বন্দর মডেল থানার সামনে জড়ো হয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।
নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এনায়েতনগরে ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার পর মামলা করতে গেলে বন্দর থানার এসআই মাসুদ ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং মামলা গ্রহণে গড়িমসি করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments