রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, টেঁটাবিদ্ধসহ আহত ২০
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে দোকানের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সৈয়দ জামাল নামের এক ব্যক্তি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, থলিয়ারা গ্রামের মিন্দার আলী গোষ্ঠীর জুবায়ের এবং মধ্যবাড়ি বড় গোষ্ঠীর জয়নাল মিয়ার মধ্যে একটি দোকানের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় সালিশে দোকান উচ্ছেদের সিদ্ধান্ত হলেও এক পক্ষ তা মেনে না নেওয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের মধ্যে সৈয়দ জামালের পিঠে টেঁটা বিদ্ধ হলে তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ এবং অতিরিক্ত দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা দায়ের না করলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments