জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করে হাসপাতালে নেওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, মৃত নারীর ছেলে ও মেয়ের ওপর ‘জিনে আসর’ হওয়ার পর তারা যে নির্দেশনা পান, তার ভিত্তিতেই মরদেহটি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে ওই বৃদ্ধাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তবে দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের কয়েকজন সদস্যের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। একপর্যায়ে তারা দাবি করেন, মৃত নারীর ছেলে ও মেয়ের ওপর ‘জিনে আসর’ হয়েছে এবং তারা জানান, তাদের মা এখনও জীবিত।
এরপর রাতে কবর খুঁড়ে মরদেহটি উত্তোলন করা হয়। প্রথমে মরদেহটি মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়।
ঘটনার বিষয়ে পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments