Header Ads Widget

Responsive Advertisement

আসছে IDAB Excellence In Interior Design Award 2026, দ্বিতীয় সংস্করণ

অভূতপূর্ব সাড়ার পর দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে 

IDAB Excellence in Interior Design Award 2026, 2nd Edition


২আগস্ট ২০২৬, নিউজ ডেস্ক:

প্রথম আয়োজনের উল্লেখযোগ্য সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে IDAB Excellence in Interior Design Award 2026। এ উপলক্ষে শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার সময়সূচি, অংশগ্রহণের নিয়মাবলি এবং বিচার প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ২০২৪ সালের জন্য ঘোষিত প্রথম আসরটি ২০২৫ সালে অনুষ্ঠিত হয়। ওই আসরে আবাসিক, করপোরেট, রিটেইল ও হসপিটালিটি—এই চারটি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১১৭টি প্রকল্প জমা পড়ে। দ্বিতীয় আসরে এর চেয়েও বেশি সংখ্যক প্রকল্প জমা পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা। একই সঙ্গে প্রথম আয়োজনের অভিজ্ঞতা থেকে পাওয়া ছোটখাটো সীমাবদ্ধতাগুলো কাটিয়ে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন আয়োজন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তারা।


আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত www.idabaward.com ওয়েবসাইটের মাধ্যমে প্রকল্প জমা দেওয়া যাবে। বাংলাদেশের যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে অংশগ্রহণের যোগ্যতা, প্রকল্প জমা দেওয়ার নির্দেশিকা, বিচারকদের পরিচিতি, মূল্যায়ন পদ্ধতি এবং প্রতিযোগিতা-সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য প্রকাশ করা হয়েছে।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন Interior Designers Association of Bangladesh (IDAB)-এর সভাপতি সৈয়দ কামরুল আহসান, অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. ডি. সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান, পাওয়ারড বাই স্পন্সর Swish Global-এর ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, উপদেষ্টা শফিউল ইসলাম, IDAB-এর নির্বাহী কমিটির সদস্য, সংগঠনের সদস্য, ইন্টেরিয়র ডিজাইন খাতের পেশাজীবী, সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা।


সংবাদ সম্মেলনে IDAB-এর সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, "গত তিন দশকে দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প দ্রুত বিকশিত হয়েছে। এখন প্রয়োজন একটি আরও সুসংগঠিত, জবাবদিহিমূলক ও পেশাদার শিল্পখাত গড়ে তোলা। এই আয়োজনের মাধ্যমে আমরা দেশের মেধাবী ডিজাইনারদের জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চাই। একই সঙ্গে এই প্রতিযোগিতা ডিজাইনারদের পেশাগত দায়িত্ববোধ ও কাজের মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।"


অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান এম. ডি. সাইফুল ইসলাম প্রতিযোগিতার কাঠামো, মূল্যায়ন প্রক্রিয়া এবং অংশগ্রহণের বিস্তারিত তুলে ধরেন। এবং আসন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান কে সামনে রেখে অ্যাওয়ার্ড কমিটি ঘোষণা করেন। কমিটি তে মোট ১৭ সদস্য রয়েছেন। 


ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান দেশের সব ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতিকে তাঁদের সেরা কাজ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।


Swish Global-এর ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, "বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে। গত এক দশক ধরে আমরা এই খাতের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের বিশ্বাস, সম্মিলিত উদ্যোগে এই শিল্প আন্তর্জাতিক পরিসরেও আরও শক্ত অবস্থান তৈরি করবে।"


IDAB Excellence in Interior Design Award 2026-এর সার্বিক আয়োজন করছে Interior Designers Association of Bangladesh (IDAB)। আয়োজনের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে Design Doctors Studio.

Post a Comment

0 Comments