Header Ads Widget

Responsive Advertisement

সরকারি ভাতার কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ


 রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌর শহরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুর বিরুদ্ধে। এ ঘটনায় তাকে শোকজ করেছে হারাগাছ পৌর বিএনপি।

শুক্রবার (২১ আগস্ট) রাতে হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েন হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজুর স্বাক্ষরিত চিঠিতে আগামী তিন দিনের মধ্যে অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

দলীয় সূত্র জানায়, হারাগাছ পৌর শহরের মোল্লাটারী জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের সরকারি ভাতা তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার কথা বলে সাইদুল ইসলাম রঞ্জুর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এ-সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি দলীয় নেতাদের নজরে আসে।

হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু বলেন, সরকারি ভাতা দেওয়ার কথা বলে দলীয় পরিচয়ে কারও কাছ থেকে টাকা নেওয়া অপরাধ। বিষয়টি প্রাথমিকভাবে তদন্ত করে সত্যতা পাওয়ায় রঞ্জুকে শোকজ করা হয়েছে।

মোল্লাটারী জামে মসজিদের মুয়াজ্জিন নুর আমীন জানান, সরকারি ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য তাদের তিনজনের কাছে প্রথমে ৩৪ হাজার টাকা দাবি করা হয়। পরে ৩০ হাজার টাকা দিলে নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়। তারা প্রথমে ১৫ হাজার টাকা দেন এবং বাকি টাকা পরে দেওয়ার কথা ছিল। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর রঞ্জু টাকা ফেরত দেন বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে সাইদুল ইসলাম রঞ্জু দাবি করেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments