কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘিরে নতুন পরিকল্পনার অংশ হিসেবে অ্যাপলের দুই শতাধিক কর্মী চাকরি হারিয়েছেন। প্রতিষ্ঠানটির সিরি, ভিশন প্রো এবং ‘ইন্টেলিজেন্ট সিস্টেমস এক্সপেরিয়েন্স’ দলের ২০০টির বেশি পদ কমানো হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে প্রায় ১০০ জন ভিশন প্রো দলের। বাকি পদগুলো সিরি ও ‘ইন্টেলিজেন্ট সিস্টেমস এক্সপেরিয়েন্স’ দলের। অ্যাপলের বিভিন্ন ডিভাইসে এআই প্রযুক্তি যুক্ত করার পাশাপাশি নতুন এআই উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর ডিভাইস তৈরিতে গুরুত্ব বাড়াতেই এই পরিবর্তন আনা হয়েছে।
অ্যাপলও কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে ব্যবসার কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। তবে সব পদ বিলুপ্ত করা হচ্ছে না; পরিবর্তনের পাশাপাশি নতুন পদও তৈরি করা হবে।
অ্যাপলের ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট ভিশন প্রো বাজারে আসার পর থেকেই নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। অন্যদিকে, এআই খাতে নিজেদের অবস্থান শক্ত করতে সিরির বড় ধরনের পরিবর্তন নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
ফলে সাম্প্রতিক এই ছাঁটাইকে শুধু ব্যয় কমানোর পদক্ষেপ হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। বরং এআই ও নতুন প্রযুক্তিকে কেন্দ্র করে অ্যাপলের ব্যবসায়িক অগ্রাধিকারে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments