ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সফরের বিষয়ে সরকার ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে এখনো কোনো সফর চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে বিভিন্ন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত রয়েছেন। ভারত সফরসহ অন্যান্য কোনো সফরের বিষয়ই এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের মধ্যে আলোচনার ভিত্তিতেই এসব সফরের সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন ও সামনে সংসদ অধিবেশনসহ দেশের অভ্যন্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। সাংবিধানিক বিভিন্ন কাজও সামনে রয়েছে। এসব কারণে সরকার ও প্রধানমন্ত্রী ব্যস্ত সময় পার করছেন। তবে সময় ও পরিস্থিতি মিলে গেলে ভারত, জাপানসহ সব দেশেই সফর হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সব দেশের সফরের ক্ষেত্রেই সরকারের ইতিবাচক অবস্থান রয়েছে। তবে সফর নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময় এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্রিকস সম্মেলন এখনো অনেক দূরের বিষয়। এর মধ্যে পরিস্থিতিতে অনেক পরিবর্তন আসতে পারে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা হলে অনেক সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয়। সেই সুযোগ এখনো রয়েছে এবং ভারতকেও তা কাজে লাগানো উচিত।
তিনি বলেন, ‘একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলেন, সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না।’
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জুলাইয়ের স্মৃতি এখনো মানুষের মনে জাগ্রত রয়েছে এবং সেই সময়ের ক্ষত এখনো শুকায়নি। তাই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি সংবেদনশীলভাবে বিবেচনা করা প্রয়োজন।
তবে দুই দেশের প্রধানমন্ত্রী যখনই বৈঠকে বসবেন, তখন দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা সমাধানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments