ভারতের কলকাতায় গাড়ি চালানোর অনুশীলন করতে গিয়ে পুকুরে পড়ে ৪২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) কলকাতার কেষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত নারীর নাম সুমিত্রা দাস। আগামী ২২ আগস্ট তার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সে জন্য তিনি গাড়ি চালানোর অনুশীলন করছিলেন।
পুলিশ জানায়, মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার পর স্কুটারে করে বাড়ি ফেরেন সুমিত্রা। পরে স্কুটার রেখে স্বামীর কেনা হুন্দাই ইয়নে করে গাড়ি চালানোর অনুশীলনে বের হন তিনি।
অনুশীলনের সময় ভুল করে ব্রেকের পরিবর্তে অ্যাক্সিলারেটরে চাপ দিলে গাড়িটি দ্রুতগতিতে একটি পুকুরে পড়ে যায়। মুহূর্তের মধ্যে গাড়িটি পুরোপুরি পানিতে ডুবে যায়।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। এক ঘণ্টারও বেশি সময়ের অভিযানের পর গাড়িটি পানি থেকে তুলে আনা হয়। পরে গাড়ির ভেতর থেকে সুমিত্রার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, গাড়িটি পানিতে ডুবে যাওয়ার সময় সুমিত্রা বের হওয়ার চেষ্টা করেছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments