Header Ads Widget

Responsive Advertisement

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

 

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০০৭ সালের পর এবারই মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে।

গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট। এবার ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।

এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২। অর্থাৎ পূর্ণাঙ্গ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

২০০৭ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৭ দশমিক ৩৭ শতাংশ। অন্যদিকে ২০২১ সালে সর্বোচ্চ ৯৩ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

১১ বোর্ডে পাস ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ, আর ছাত্রীদের ৬৬ দশমিক ৬৮ শতাংশ।

এবার ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন। অন্যদিকে ৯ লাখ ১১ হাজার ৭৯১ ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন।

জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থীর মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র।

ফল জানা ও পুনর্নিরীক্ষণের আবেদন

সোমবার সকাল ১০টায় একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।

এসএমএসে ফল জানতে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ঢাকা বোর্ডের জন্য ফরম্যাট হবে: SSC DHA ROLL 2026। দাখিলের জন্য SSC MAD ROLL 2026 এবং কারিগরি বোর্ডের জন্য SSC TEC ROLL 2026

আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করে প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিতে হবে। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

একাদশে ভর্তিতে ফাঁকা থাকবে পৌনে ৮ লাখ আসন

এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতেই এবারও একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি করা হবে।

দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে ২৬ লাখের বেশি আসন রয়েছে। বিপরীতে এবার পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজারের বেশি। ফলে প্রায় পৌনে ৮ লাখ আসন ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments