রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
খবর প্রকাশের পর জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বাসিন্দাদের প্রত্যাশা, রাষ্ট্রপতির দায়িত্ব পেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মেধা ও প্রজ্ঞা দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা। তাদের ভাষ্য, একজন যোগ্য, সৎ ও অভিজ্ঞ রাজনীতিবিদকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বিবেচনা করা হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা আরও বলেন, মির্জা ফখরুলের মতো প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ রাষ্ট্রপতির দায়িত্ব পেলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা আরও জোরালো হবে।
নিজ জেলার সন্তানকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দেখার প্রত্যাশায় এখন ঠাকুরগাঁওজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments