সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নৌকাবাইচের পক্ষে-বিপক্ষে নানা প্রচার ও বক্তব্য চলছে। এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
জানা গেছে, উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর গ্রামের যুব সমাজ দীর্ঘদিন ধরে সোনাই নদীতে নৌকাবাইচের আয়োজন করে আসছে। প্রতিবছর শত শত মানুষ নদীর দুই পাড়ে জড়ো হয়ে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করেন। অতীতে আয়োজনটি নিয়ে কোনো বাধার মুখে পড়তে হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
তবে এবার ‘তৌহিদি জনতা লাউতা ইউনিয়ন’-এর ব্যানারে একটি পক্ষ নৌকাবাইচ বন্ধের দাবি তুলেছে। গত বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে সংগঠনটির উদ্যোগে সভা করে প্রতিযোগিতা বাতিলের দাবি জানানো হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও নৌকাবাইচের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন, নৌকাবাইচটি এলাকার মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য ও বিনোদনের অন্যতম মাধ্যম। অন্যদিকে এটি বন্ধের দাবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্যের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
উত্তেজনা নিয়ন্ত্রণে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গউস উদ্দিন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, সরকারি নিয়ম অনুযায়ী যেকোনো অনুষ্ঠান আয়োজনের আগে জেলা প্রশাসকের অনুমতি বা অনাপত্তি নেওয়া প্রয়োজন। স্থানীয় কিছু পক্ষ নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, নৌকাবাইচ একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। তবে আয়োজনের জন্য প্রশাসনের অনুমতি নেওয়া প্রয়োজন। আয়োজকেরা এখনো এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে কোনো লিখিত অনুমতি চাননি। একইভাবে আয়োজনের ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হওয়ার বিষয়টিও প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
তিনি আরও জানান, নৌকাবাইচ বন্ধের দাবির বিষয়টিও প্রশাসন খতিয়ে দেখছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যকে দাপ্তরিক যোগাযোগ হিসেবে বিবেচনা করা যায় না। পরিস্থিতি পর্যবেক্ষণে থানা পুলিশ ও মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments