১৯৭৫ সালের ১৫ আগস্ট। রাজধানীর ধানমন্ডিতে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা চালায় একদল সেনা সদস্য। ওই ঘটনায় শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ পরিবারের সদস্যরা নিহত হন।
এ ঘটনায় নিহত হন শেখ মুজিবুর রহমানের ভাগিনা শেখ ফজলুল হক মনি ও তার স্ত্রী আরজু মনি এবং ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতসহ পরিবারের মোট ১৭ সদস্য। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা।
সে সময় বাংলাদেশ অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। বাকশাল গঠনের মাধ্যমে দেশে একদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু করা হয়েছিল এবং অন্যান্য রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়।
ইতিহাসবিদ ও গবেষকদের মতে, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ও ব্যক্তিগত নানা কারণ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হক ঘটনাটিকে একটি বিশেষ গোষ্ঠীর চক্রান্ত হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে চর্চার সম্পাদক সোহরাব হোসেনের মতে, এর পেছনে ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসারও ভূমিকা ছিল।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। মামলায় ১২ জনের মৃত্যুদণ্ড দেন আদালত। তাদের মধ্যে ছয় আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments