Header Ads Widget

Responsive Advertisement

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আওয়ামী লীগ নেতা

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আওয়ামী লীগ নেতা


নওগাঁর নিয়ামতপুর উপজেলার ২ নম্বর চন্দননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান (বদি) হাইকোর্টের নির্দেশনা এবং স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তে পুনরায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব ফিরে পেয়েছেন।

জানা গেছে, একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় পাঁচ মাস কারাগারে থাকায় তার অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান ময়নুল ইসলামের ওপর চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পেয়ে বদিউজ্জামান দায়িত্ব পুনর্বহালের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন।

পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগ আদালতের নির্দেশনা এবং উপজেলা প্রশাসনের প্রতিবেদন পর্যালোচনা করে বদিউজ্জামানকে পুনরায় চেয়ারম্যানের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব প্রদান করে। একই সঙ্গে প্যানেল চেয়ারম্যানের ওপর অর্পিত দায়িত্ব প্রত্যাহার করা হয়।

প্যানেল চেয়ারম্যান ময়নুল ইসলাম বলেন, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী তিনি চেয়ারম্যানের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন এবং বর্তমানে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার প্রয়োজনে বিভিন্ন হাসপাতালে অবস্থান করার সময় তার বিরুদ্ধে একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়। পরে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয় এবং প্রায় পাঁচ মাস পর তিনি জামিনে মুক্তি পান।

তিনি আরও বলেন, জামিনে মুক্ত হওয়ার পর হাইকোর্টে রিট করলে আদালত তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন।

বদিউজ্জামানের দাবি, একটি মহল হাইকোর্টের রায়কে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, আদালতের বর্তমান রায় কার্যকর থাকা পর্যন্ত তিনি নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে চান। কেউ রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করলে উচ্চতর আদালতে আপিল করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, হাইকোর্টের আদেশের ভিত্তিতেই চেয়ারম্যান পুনরায় দায়িত্ব পেয়েছেন। তবে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনের সময় স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কি না, সে বিষয়ে ইউনিয়ন পরিষদের সদস্যরা সিদ্ধান্ত নেবেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments