নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন
দেশে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন আরও তিনটি উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। এছাড়া চট্টগ্রামে নতুন হালদা থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হবে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে গঠন করা হবে বাঙ্গরা উপজেলা। এছাড়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে প্রতিষ্ঠা করা হবে দক্ষিণ গফরগাঁও উপজেলা।
একই সঙ্গে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতাধীন নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলোকে প্রশাসনিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
নিকারের বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments