Header Ads Widget

Responsive Advertisement

জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, থাকতে পারে তাপপ্রবাহ

 জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, থাকতে পারে তাপপ্রবাহ


দেশে জুন মাসে স্বাভাবিকের তুলনায় প্রায় ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে চলতি জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ১ থেকে ২টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বুধবার (১ জুলাই) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। 

পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাত হতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে দেশের কোথাও কোথাও ১ থেকে ২টি বিচ্ছিন্ন মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টির প্রভাবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে দেশে গড়ে স্বাভাবিকের তুলনায় ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের অন্যান্য সব বিভাগেই বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের চেয়ে কম।

সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে বরিশাল বিভাগে, যেখানে স্বাভাবিকের তুলনায় ৪২ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে বৃষ্টিপাত কমেছে ৩১ শতাংশ। বিপরীতে সিলেট ও ময়মনসিংহ বিভাগে যথাক্রমে ২৫ শতাংশ এবং ২০ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments